ডিক্যাবের অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রাইস্টচার্চে ২ বাংলাদেশি নিহত নিখোঁজ ৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় দুই বাংলাদেশি নিহত ও তিনজন নিখোঁজ আছেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি আছেন আরও পাঁচজন। গতকাল শনিবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহত দুজন হলেন ড. মো. আবদুস সামাদ ও হুসনে আরা পারভীন। তাৎক্ষণিকভাবে বিভিন্ন সূত্রে তিন বাংলাদেশি নিহতের তথ্য দেওয়া হয়েছিল। এখন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, নিখোঁজরা হলেন মোজাম্মেল হক, জাকারিয়া ভূঁইয়া ও শাওন। হাসপাতালে ভর্তি আছেনÑ লিপি, মুনতাসীম, রুবেল, ওমর ফারুক ও শাহজাদা আলী। তাদের মধ্যে লিপি ও মুনতাসীমের অবস্থা গুরুতর। 

গত শুক্রবার ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় আল নূর মসজিদ ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মিশন উপপ্রধান তারেক আহমেদ এবং ফকল্যান্ডের অনারারি কনসাল শফিকুর রহমান এখন ক্রাইস্টচার্চে রয়েছেন। তারা গোটা বিষয়টি তদারকি করবেন।’