আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে কুপিয়ে জখম

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এএইচ এম কামরুজ্জামান খোকন (৪৮) এবং তার সহযোগী শ্রমিক লীগ নেতা সাখাওয়াত হোসেন সাখাতকে (৩৬) কুপিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়ালমারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটমোহর হাসপাতালে চিকিৎসাধীন কামরুজ্জামান জানান, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ মাস্টারের ঘোড়া মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে নিমাইচড়া থেকে মোটরসাইকেলযোগে চাটমোহরে ফিরছিলেন তারা।

পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়ালমারী নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় জনৈক এক মোটরসাইকেল আরোহী দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিবুর রহমান জানান, তাদের দুজনের মাথা, মুখ, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীতে পাঠানো হয়েছে।

এএসপি (চাটমোহর সার্কেল) ফজল-ই খুদা পলাশ জানান, খবর পেয়ে হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।