বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন বাংলাদেশ-ভারত কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পাইলিং কাজ করার সময় ক্রেনের তার ছিড়ে কর্মরত দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেলে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
রোববার সকালে ক্রেনের তার ছিড়ে কর্মরত দুই নির্মাণ শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।
নিহত দুই শ্রমিকের নাম নাসির উদ্দিন ও আসাদুর রহমান। নিহত নাসির চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কালিনগর গ্রামের অনসার আলীর ছেলে ও আসাদুর রহমান বাগেরহাটের রামপাল উপজেলার ফজলুর রহমানের ছেলে।
এর আগে (চলিত মাসের) ৩ মার্চ এই একই বিদ্যুৎ কেন্দ্রে কনটেইনার চাপা পড়ে নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজ (৪৯) নামে আরও দুই নির্মাণ শ্রমিক নিহত হন।
ওসি মো. লুৎফর রহমান জানান, শনিবার সকালে রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিনের মতো কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় পাইলিং কাজের ক্রেনের তার ছিড়ে নাসির উদ্দিন নামের এক নিহত ও আসাদুর রহমান নামে অপর এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত নির্মাণ শ্রমিক আসাদুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ দুটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।