জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ছাগল চুরির সন্দেহে ফাতেমা নামে এক গৃহবধূকে বাড়ি থেকে ধরে নিয়ে প্রকাশ্যে মারপিট ও নির্যাতনের পর তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রোববার নির্যাতিতা গৃহবধূ ফাতেমা আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। শনিবার রাত ৮টার পরে উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফাতেমা ওই এলাকার মৃত রোস্তম আলীর স্ত্রী।
নির্যাতিতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আব্বাস আলীর একটি ছাগল কয়েক দিন আগে চুরি হয়। সেই ছাগল চুরির সন্দেহে আব্বাস আলীর স্ত্রী তাজন, ২ ছেলে আজিজ ও সবুজসহ পরিবারের সদস্যরা ফাতেমাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে।
এরপর তারা ফাতেমাকে বেঁধে রেখে লাঠি দিয়ে মারপিট করে মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে জখম করে। প্রায় ২ ঘণ্টাব্যাপী নির্যাতনের পর ফাতেমার মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেয় তারা। নির্যাতনে ফাতেমা অজ্ঞান হয়ে গেলে, তাকে বাড়ির সামনে ফেলে রাখে আব্বাসের স্ত্রী ও সন্তানরা।
পরে, স্থানীয়রা ফাতেমাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ কিরণ কুমার রায় দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় রবিবার ফাতেমা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আসামিদের গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।