নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে আটজন হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশি নিহতের সংখ্যা চার থেকে বেড়ে আট হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়ার বিষয়টি আমাদের মিশন এখনো নিশ্চিত করেনি।’
হামলার ঘটনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুখবর হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা ভালো মতো দেশে ফিরে এসেছেন। আর খারাপ খবর হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এটা বেড়ে আট হতে পারে। তবে বিষয়টি এখনো আমাদের মিশন নিশ্চিত করতে পারেনি।’
সরকারের করণীয় বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মিশন ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে। কোনো নিহতের পরিবার যদি তাদের স্বজনদের মরদেহ দেশে আনতে চায়, তাহলে তাদের খরচ সরকার বহন করবে। এজন্য সরকার কাজ শুরু করে দিয়েছে।’
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরপর থেকে আমাদের ক্রিকেট খেলোয়াড়রা বিদেশের মাটিতে খেলতে গেলে সে দেশের নিরাপত্তার বিষয়টি আগে থেকেই স্ক্রুটিনি করা হবে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয়েই ক্রিকেটারদের পাঠানো হবে।’
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডিক্যাবের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম হাসিব প্রমুখ।