ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার উপাচার্যের (ভিসি) কার্যালয় অবরোধ করে নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল। তবে ভিসির সাক্ষাৎ না পেয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করেই বিকেলে কর্মসূচি স্থগিত করে তারা। নবনির্বাচিত ভিপি ও আন্দোলনের মূল নেতা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রধান নুরুল হক নুর ও বাম জোট প্রগতিশীল ছাত্র ঐক্যের নেতা লিটন নন্দী এ কর্মসূচিতে অংশ নেননি। এদিকে দুপুরে পূর্বনির্ধারিত বৈঠকে ভিসিকে নির্বাচনে অনিয়মের বিভিন্ন প্রমাণ দেন পুনর্নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশনকারী আন্দোলনকারীরা।
গতকাল আন্দোলনকারীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থাকলেও ক্যাম্পাসে তার প্রভাব পড়েনি। বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা বর্জন করলেও বেশির ভাগ বিভাগে ক্লাস-পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক ছিল। ফলে দিনশেষে আর কোনো কর্মসূচি দেননি আন্দোলনকারীরা। একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্জনকারীদের একটি বড় অংশ আর আন্দোলন চালাতে চায় না।
আন্দোলনকারী নেতারা দেশ রূপান্তরকে জানান, গত রবিবার বিকেলে কর্মসূচি ঘোষণার পর থেকেই তারা আশঙ্কা করেছিলেন নুর হয়তো আসবেন না। লিটন নন্দীকে ঘিরেই তারা একটা আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু গতকাল সকাল থেকেই আন্দোলনকারীদের একটি পক্ষ তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এরপর দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার সময় পর্যন্ত নন্দীর অনুপস্থিতিতে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে ভিসির কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচিতে অংশ নিতে চাইলেও তাকে ঢুকতে দেননি তারা। নুরের অনুপস্থিতি নিয়ে সমালোচনার মুখে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বলেন, তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন।
জালিয়াতির অভিযোগ তুলে গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ ভোট বর্জন করে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরের প্যানেলসহ পাঁচটি প্যানেল। নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছাড়া বাকি চারটি প্যানেল হলো-প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট এবং ছাত্র ফেডারেশন। তাদের পাঁচটি দাবি হলোÑজালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল করা; পুনঃতফসিল ঘোষণা করা; নির্বাচনের সঙ্গে জড়িত ভিসি, চিফ রিটার্নিং কর্মকর্তাসহ অন্যদের পদত্যাগ; মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারী সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা। ফলাফলে নুর ভিপি পদে জয়ী হন। তবে তিনি অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গতকাল দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর প্রার্থী ও সমর্থকরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভিসি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সাড়ে ১২টা থেকে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন। তাদের দাবি, ভিসি এসে কথা না বলা পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না। সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রহীম তাদেরকে জানান, ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান গলায় সমস্যা হওয়ায় কথা বলতে পারছেন না। ডাকসুর পরাজিত জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন অনিয়মের প্রমাণ আগেও দিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজকে এখানে অবস্থান করছি।’ এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিকেল ৫টার দিকে আন্দোলনরত প্যানেলের প্রার্থী ও সমর্থকদের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরাজিত জিএস প্রার্থী রাশেদ খান ও অরণি সেমন্তি খান।
রাশেদ খান বলেন, ‘আমরা পাঁচ ঘণ্টা ধরে এখানে বসে আছি। তারা নৈতিকভাবে এমন দুর্বল হয়ে গেছে যে শিক্ষার্থীদের সামনে আসার সৎসাহসটা পর্যন্ত তাদের নেই। এ বিশ্ববিদ্যালয়ের মানসম্মান যা ছিল সব নষ্ট হয়ে গেছে এ নির্লজ্জ প্রশাসনের কারণে।’ পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যে পাঁচটি প্যানেল আছি তারা সবার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’
অরণি সেমন্তি খান বলেন, ‘আমরা খুবই হতাশ। এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের শিক্ষক যারা আছেন তারা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সাথে দেখা করার কথা ছিল। কিন্তু তারা আসেননি।’ তিনি প্রশ্ন করেন, ‘তাদের এত ভয় কিসের, এত লুকানোর কী আছে? আমাদের সামনে আসার সৎসাহস তাদের নেই।’ তিনি আরও বলেন, ‘প্রশাসনে আমাদের অভিভাবক যারা আছেন, শিক্ষক যারা আছেন অর্থাৎ ভিসি, তিনি আমাদের সাথে মতবিনিময় কিংবা দেখা করেননি। আমরা শত ধিক জানাই।’
ডাকসু ও হল সংসদের প্রথম সভা ২৩ মার্চ : গতকাল সন্ধ্যায় ঢাবির প্রভোস্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ মার্চ ডাকসু ও হল সংসদের কার্যকরী পরিষদের প্রথম সভা হবে। ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ও সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো সিনেট অডিটোরিয়ামে ডাকসুর কার্যকরী পরিষদের সভা এবং হল সংসদের কার্যকরী পরিষদের সভা স্ব স্ব হলে অনুষ্ঠিত হবে।
শিক্ষকদের মধ্য থেকে কেন্দ্রে ও প্রত্যেক হলে একজন করে ট্রেজারার নিয়োগ দেবেন উপাচার্য।
ভিসিকে অনিয়মের প্রমাণ দিলেন আমরণ অনশনকারীরা : ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ গতকাল দুপুরে ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের হাতে তুলে দিয়েছেন আমরণ অনশন করা শিক্ষার্থীরা। ভিসি তাদেরকে এ বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এ সময় অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন রবিউল ইসলাম, রাফিয়া তামান্না, শুয়েব মাহমুদ অনন্ত, তাওহিদ তানজিম ও মাইন উদ্দিন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইন উদ্দিন বলেন, ‘আমরা উপাচার্যকে বিভিন্ন অনিয়মের ছবি, ভিডিও প্রমাণ দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়গুলো দেখবেন।’
নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফের নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনে বসেছিলেন আট শিক্ষার্থী। গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সামাদ তাদের অনশন ভাঙান। সেই দিন অনশনরত আন্দোলনকারীরা জানিয়েছিলেন, ১৮ মার্চ ভিসিকে নির্বাচনের বিভিন্ন অনিয়মের প্রমাণ দেবেন তারা।