জাহালমকে নিয়ে সিনেমায় নিষেধাজ্ঞা চাইবে দুদক

অন্যের ঋণ জালিয়াতির দায়ে নিরপরাধ পাটকল শ্রমিক জাহালমের তিন বছর কারাভোগের ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগে আদালতের কাছে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচারাধীন মামলা হওয়ার যুক্তি দেখিয়ে আজ মঙ্গলবার হলফনামা আকারে একটি আবেদন হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চে দাখিল করা হবে বলে দুদকের প্রধান কৌঁসুলি মো. খুরশিদ আলম খান জানিয়েছেন।

গতকাল সোমবার তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘জাহালমের বিষয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবর নজরে আসার পর আমাকে হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত জানিয়েছে দুদক। বিচারাধীন বিষয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া যায় না এই যুক্তিতে আমরা আবেদন করব।’

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির হোতা আবু সালেকের পরিবর্তে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের নাগরপুরের ধুবুড়িয়া গ্রামের জাহালমকে গ্রেপ্তার করে দুদক। পরে ২৬টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। গত ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত বিষয়টি আনার পর হাইকোর্ট জাহালমকে তাৎক্ষণিক কারামুক্তির নির্দেশ দিলে ওইদিন রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জাহালম।

গত ৬ মার্চ জাহালমের বিষয়ে দুদকের প্রতিবেদন জমা দেওয়ার দিন হাইকোর্টের একটি বেঞ্চ উষ্মা প্রকাশ করে বলে, ‘জাহালম নিরপরাধ জানার পরও তার জামিনের ব্যবস্থা না করার দায় দুদককেই নিতে হবে।’ আগামী ১০ এপ্রিল এ ঘটনায় দুদকের মামলার এফআইআর ও অভিযোগপত্রসহ সব নথি চেয়েছে আদালত।

অভিযোগ আছে, জাহালম দুদক কর্মকর্তা এবং বিচারিক আদালতের উদ্দেশে বারবার ‘আমি সালেক নই, জাহালম’ বলার পরও তারা শোনেননি। এমনকি মামলার তদন্তকারী দুদকের কর্মকর্তাদের পদোন্নতি ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেয় দুদক।   

জাহালমের ওই ঘটনা নিয়ে সম্প্রতি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন একজন নির্মাতা, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। নির্মাতার নাম মারিয়া তুষার।

বিচারাধীন বিষয় হওয়ায় জাহালমকে নিয়ে সিনেমা তৈরি সমর্থন করছেন না জানিয়ে বিষয়টি হাইকোর্টের নজরে আনা আইনজীবী অমিত দাসগুপ্ত গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘এটি শুধু দুদকের ইস্যু নয়, রাষ্ট্রীয় ইস্যু। এখানে প্রকৃত ঘটনা কী তার ভিত্তিতে আদালত সিদ্ধান্ত দেবে। তাই আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে আমাদের। এরপর এ ধরনের উদ্যোগ হতে পারে। দুদক যদি সিনেমা বানানোর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে, সেই আবেদনের ওপর আমার কোনো আপত্তি থাকবে না।’