নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় মন্ত্রিসভায় শোক ও নিন্দা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহতের ঘটনায় মন্ত্রিসভা বৈঠকে শোক ও নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। গত শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে ঢুকে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে বর্ণবাদী এক অস্ট্রেলীয় যুবক। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার শুরুতে নিউজিল্যান্ডের ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এ ধরনের জঘন্য হামলার ঘটনায় নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

হামলার সময় আল নূর মসজিদে জুমার নামাজ আদায়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান। সফর শেষ না করেই দেশে ফেরেন তারা।

আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘লাইফ টাইম কনট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।

‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বই প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর : বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেশন থেকে প্রকাশিত ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বই প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারে বঙ্গবন্ধুর অবদান সচিত্র তথ্যসহ এ বইয়ে তুলে ধরা হয়েছে।