ফাঁকা কেন্দ্রে ভোটার টানতে খিচুড়ি

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে নিশ্চিন্তপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে থাকে। ভোট দেওয়ার পর ভোটারদের হাতে খাসির মাংসের খিচুড়ির প্যাকেট তুলে দেওয়া হয় বলে কয়েকজন ভোটার জানিয়েছেন। শহরের শাহাপাড়ার মুন্নি আকতার দেশ রূপান্তরকে বলেন, ‘ভোট দিয়ে খিচুড়ি নিয়ে এলাম। তবে কার পক্ষ থেকে খিচুড়ি প্যাকেট দিল তা জানি না।’ নিশ্চিন্তপুর গ্রামের নুরুজ্জামান বলেন, ‘নৌকা মার্কার পক্ষ থেকে এই খিচুড়ি দেওয়া হয়।’ নিশ্চিন্তপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আওয়ামী লীগের কর্মী তাই খিচুড়ির প্যাকেট পেয়েছি।’ একই গ্রামের লিপি আকতার বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে। ভোট দিয়ে খিচুড়ি পেলাম।’

তবে দলীয় নেতা-কর্মীদের জন্য এই আয়োজন দাবি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান বলেছেন, নির্বাচনে তারা পরিশ্রম করছেন। তাই ২ হাজার খিচুড়ির প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে।

খিচুড়ি বিতরণের বিষয়ে জানতে চাইলে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জবেদ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘কেন্দ্রের বাইরে কিছু ঘটলে আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।’