মহাকাশ থেকে মিলবে ইন্টারনেট, ১২৫ কোটি ডলার সংগ্রহ

মহাকাশ থেকে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বাজেটের বিপুল অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি ওয়ানওয়েব। ইতিমধ্যে এ লক্ষ্যে এক গুচ্ছ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইন্টারনেট জগতে নবাগত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে ৩৪০ কোটি ডলার বাজেট ঘোষণা করে প্রতিষ্ঠানটি। সোমবার বাজেটের ১২৫ কোটি ডলার অর্থ তারা সংগ্রহ করেছে বলে ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ভারজিন গ্রুপ, কোকাকোলা, এয়ারবাস। এখন তাদের সঙ্গে যুক্ত হয়েছে সফটব্যাংক গ্রুপ, গ্রুপো স্যালিনাস, কুয়ালকম টেকনোলজিসের মতো আরও জায়ান্ট বহুজাতিক কোম্পানি।

গত মাসে ফ্রান্সের গায়ানা উপকূল থেকে ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ওয়ানওয়েব।

গত অক্টোবরে প্রতি মাসে ৩০ এর অধিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি। পৃথিবীর নিম্ন কক্ষপথে সর্বমোট ৬৫০টি স্যাটেলাইট প্রতিস্থাপনের লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ানওয়েব।