ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

উন্নয়নের পথে কোনো শর্তারোপ না করার আহ্বান অর্থমন্ত্রীর

চলতি ২০১৮-২০১৯ অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ শতাংশ হবে বলে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ প্রায় সব খাতে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে।

গতকাল মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ ধারাবাহিকভাবে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করছে। গত অর্থবছর ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত ১০ বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেলে রূপান্তর হয়েছে। বাংলাদেশ বিনিয়োগের উত্তম জায়গা।

তিনি বলেন, ইউএনডিপির ২০১৭-২০২০ সালের মধ্যে প্রতিশ্রুত ১২২ কোটি ডলার সরকার পরিকল্পিতভাবে ব্যবহার করছে। বাংলাদেশের উন্নয়নের পথে কোনো শর্তারোপ করে উন্নয়ন বাধাগ্রস্ত না করে জাতিসংঘকে সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে।

মিয়া সেপ্পো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, নারীদের কর্মস্থান ও নারী ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, ইউএনডিপি ২০২১-২০২৫ মেয়াদি নতুন রোডম্যাপ প্রণয়ন করছে। বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।