ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালে প্রয়াত হন তিনি। তখন থেকেই ভক্তরা তার নামে এফডিসিতে শুটিং ফ্লোরের দাবি করে আসছিলেন। সেই দাবি কেবল দাবিতেই আটকে আছে। তবে এফডিসির ভেতরে না হলেও ঢাকার অদূরে প্রিয় নায়কের নামে একটি শুটিং স্পট পেতে যাচ্ছেন ভক্তরা। সালমান শাহের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। সেই ছবির নামে নির্মিত হচ্ছে শুটিং স্পট। সালমান শাহ স্মরণে এই শুটিং স্পটটি নির্মাণ করছেন তারই অন্ধ ভক্ত এবং চলচ্চিত্র প্রযোজক রাশেদ খান। গাজীপুরের উরখুলায় তৈরি হচ্ছে মনোরম লোকেশনের এই স্পটটি।
জানা গেছে, এ বছরের ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মদিনেই শুটিং স্পটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি শুটিং ও পিকনিকের জন্য ভাড়া দেওয়া হবে। প্রসঙ্গত, ঢাকাই ছবির ইতিহাসে দ্বিতীয় ব্যবসাসফল ছবি ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালের ঈদে মুক্তি পেয়ে ছবিটি আয় করেছিল প্রায় ১৯ কোটি টাকা। এম এ খালেক পরিচালিত এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন জনপ্রিয় জুটি সালমান ও শাবনূর। ত্রিভুজ প্রেমের গল্পে আরও ছিলেন সোনিয়া। ছবিটির গল্প ও নির্মাণশৈলীর পাশাপাশি এর গানগুলোও ছিল তুমুল জনপ্রিয়। তার মধ্যে ‘এই দিন সেই দিন কোনো দিন’, ‘নীল সাগর পার হয়ে’ গান দুটো ছিল সবার মুখে মুখে। ‘স্বপ্নের ঠিকানা’ ছবির পর বেড়ে যায় সালমান-শাবনূর জুটির চাহিদা। তারাও বাড়িয়ে নেন নিজেদের পারিশ্রমিক। তখন থেকেই সালমান নিয়মিত ৮ লাখ টাকা করে নিতেন প্রতি ছবিতে।