বিসিআইসিকে লাভজনক করার আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন ১৩ প্রতিষ্ঠানকে লাভজনক করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে উৎপাদনক্ষমতার সর্বোচ্চ ব্যবহার ও প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়নের উদ্যোগ নিয়ে এগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

গতকাল শিল্পমন্ত্রী রাজধানীর বিসিআইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিসিআইসি।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র গড়ে তোলা সবার দায়িত্ব। শিল্প কারখানা লাভজনক হলে এর সুফল সবাই ভোগ করবে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, অর্থনৈতিক উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে দেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত উন্নয়ন ও উৎপাদনের কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়মিত কাজ ও সাধারণ শ্রমিকদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রশাসনিক কাজে ট্রেড ইউনিয়ন নেতাদের অবৈধ হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে তিনি জানান।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গাড়ির অবৈধ ব্যবহার কিংবা আন্দোলনের নামে উৎপাদন ব্যাহত করার মতো যে কোনো অনিয়ম মোকাবিলায় বিসিআইসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কঠোর হওয়ার নির্দেশনা দেন শিল্পমন্ত্রী।

একই সঙ্গে তিনি কারখানা পর্যায়ে শ্রমিকদের জন্য সেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অস্থায়ী পদে কর্মরতদের পদ স্থায়ীকরণের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মন্ত্রণালয় ও বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।