২০ মার্চ তিন বছর পূর্ণ হবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার। এখনো শনাক্ত হয়নি বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা, মামলার তদন্তে হয়নি কোনো অগ্রগতি। তনু হত্যার তদন্তভার কয়েক হাত বদল হয়ে এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে (সিআইডি) রয়েছে। মামলার অগ্রগতি না হওয়ায় হতাশ তনুর পরিবার। ছয় মাসের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছেন তদন্ত কর্মকর্তা।
তনুর মা আনোয়ারা বেগম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় এক বছর ধরে সিআইডির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। অফিসে গিয়ে তদন্ত কর্মকর্তাকেও পাওয়া যায় না। মামলার তদন্ত সম্পর্কে কিছুই জানতে পারতেছি না। তনুর বাবা এবং আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। মৃত্যুর আগে মেয়ের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারব কি না জানি না।’
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের পাওয়ার হাউস এলাকার একটি জঙ্গলে তনুর মরদেহ খুঁজে পান। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) হাত ঘুরে ২০১৬ সালের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে ডিএনএ নমুনা ও পুনরায় ময়নাতদন্তের জন্য ২০১৬ সালের ৩০ মার্চ তনুর লাশ উত্তোলন করা হয়। দুই দফা ময়নাতদন্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি। শেষ ভরসা ছিল ডিএনএ প্রতিবেদন। ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। তনুর মা বাসায় টিউশনি করতে যাওয়ার পর জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘মামলার তদন্ত চলছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। তনু ও সন্দেহভাজনের ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট পেলে তনু হত্যারকারীদের চিহ্নিত করা যাবে। আশা করি, ছয় মাসের তদন্তে অগ্রগতি হবে।’
অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তনুর সহপাঠী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রিপন চৌধুরী। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদের নিয়ে ২০ মার্চ প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ফ্রন্টের সংগঠক ফারজানা আক্তার।