নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, ট্রাফিক সপ্তাহ পালন, মামলা, জরিমানার পরও সড়ক দুর্ঘটনা থামছে না। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত আট জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ
ঢাকা : ঢামেক প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান জানান, পল্টন মোড়ে ব্যাংক এশিয়ার সামনে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ : সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন যাত্রী নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ ও বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, হানিফ পরিবহনের উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।
গাজীপুর : নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক শিশুর (১২) মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে এপেক্স হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি। গাজীপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, যানজটের মধ্যে শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নাটোর : বড়াইগ্রামে ওরসে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে দুজন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে গুরুদাসপুর উপজেলার চাপিলা পাবনা পাড়ার জুলু প্রামাণিকের ছেলে জরিপ আলী (২৩) এবং মঙ্গলবার রাতে রাজশাহী নেওয়ার পথে একই গ্রামের মাহমুদ আলীর ছেলে রনি আহম্মেদ (২০) মারা যান। বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম জানান, চাপিলা পাবনাপাড়া গ্রামের প্রায় ২৫ যুবক একটি পিকআপ ভ্যানে চেপে বড়াইগ্রামের রাথুরিয়ায় ওরসে যাচ্ছিলেন। কান্দাইল এলাকায় তারা পিকআপের ওপর নাচ-গান শুরুর পর চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের শাখামারা ব্রিজের কাছে বুধবার সকালে ট্রাকচাপায় সুমি খাতুন (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শাহানা খাতুন নামে আরেক ছাত্রী। সুমি রামভদ্র গ্রামের আব্দুল গণি খানের মেয়ে ও শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। দুজনই ছাইতানতলা বাজারের করুণাময়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আবদুস সোবহান বলেন, সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই দুই ছাত্রী। সুমি বাইসাইকেল চালাচ্ছিল ও পেছনে বসেছিল শাহানা। শাখামারা ব্রিজের কাছে পৌঁছলে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমি মারা যায়। শাহানাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফেনী : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ এবং ফতেহপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছে। হাইওয়ে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাতে সদরের নতুন মুহুরীগঞ্জ এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবোঝাই দ্রুতগতির ট্রাক সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ট্রাকচালক মো. মজনু (৪৫)। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ফুলতলা গ্রামের রুস্তম আলীর ছেলে।
এদিকে বুধবার সকালে মহাসড়কের একই উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা অভিমুখী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বিরিঞ্চিগামী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি গিয়ে পড়ে খাদে। এ ঘটনায় অটোরিকশার আট যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা ফেনীর ফতেহপুর ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা এলাকার বাসিন্দা।
গোপালগঞ্জ : সদরের চেচানিয়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মাহফুজা বেগম ওরফে মারুফা (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় নসিমন চালকসহ ওই নারীর ছেলে তানহা (৭) গুরুতর আহত হয়েছে। ওই শিশুকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাহফুজা বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শহিদুল হাওলাদারের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, যাত্রীবাহী একটি বাস নসিমনকে ধাক্কা দিলে সেটির সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মাহফুজা নসিমন থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং তার ছেলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। নসিমনটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে নসিমন চালকও আহত হন।
খুলনা : ডুমুরিয়া উপজেলায় বাসচাপায় শমসের শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে গুটুদিয়া ইউনিয়নের ব্র্যাক হ্যাচারির সামনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি গুটুদিয়ার কমলপুর গ্রামে। ডুমুরিয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বিপ্লব বলেন, শমসের রাস্তা পার হওয়ার সময় খুলনার দিক থেকে একটি বাস আসতে দেখে মাঝপথ থেকে ফিরে আসেন। এ সময় বাসটি তাকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শমসেরের মৃত্যু হয়।
মাগুরা : সদরের পারনান্দুয়ালী টার্মিনাল এলাকায় বুধবার সকালে বাসের ধাক্কায় পথচারী সালাম ম-ল (৮৩) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার লস্করপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সাড়ে ৮টার দিকে সালাম বাস টার্মিনালের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দর্শনাগামী ইউনিক পরিবহনের এক যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।