সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : ফখরুল

সরকার কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

দুপুর ১২টায় গণঅনশন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, এখনো সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন। কারণ তিনি গণতন্ত্রের প্রতীক, তিনি একমাত্র বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষা করতে পারবেন এবং আপনাদেরও রক্ষা করতে পারবেন। কারাগারে স্থাপিত আদালতে গত মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে কথা হয় জানিয়ে তিনি বলেন, তার শারীরিক অবস্থার কথা বর্ণনা করা যাবে না। চেয়ারপারসন এত অসুস্থ যে, মাথা সোজা করে বসতে পারছিলেন না। তার সমস্ত শরীরে যন্ত্রণা ও ব্যথা। তিনি কিছুই খেতে পারছেন না। আর কিছু খেলেও সেটা থাকছে না। এভাবে বিনা চিকিৎসায় তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলায় অন্য আসামিদের জামিনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, একই মামলায় সব আসামি জামিন পেলেও খালেদা জিয়ার জামিন হয় না। তিনি বলেন, আজ এটা প্রমাণিত হয়েছে যে, সরকারের লোকজন আর মানুষের মধ্যে নেই। আপনারা দেউলিয়া হয়ে গেছেন। সে কারণে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, বন্দুক-পিস্তল দিয়ে ভয় দেখিয়ে, হাজার হাজার মিথ্যা-গায়েবি মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে আপনাদের ক্ষমতায় থাকতে হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে মহাসচিব বলেন, আজ আর বসে থাকবার সুযোগ নেই। এটা (অনশন) কোনো ছোট অনুষ্ঠান নয়। এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, আসুন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে, এই যে স্বৈরাচার সরকার আমাদের বুকের ওপরে চেপে বসেছে তাদের সরিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম জিয়াকে মুক্ত করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি। 

নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তারই প্রমাণ এটা। আমরা দেখছি যে, দেশে এখন কোনো আইনের শাসন নেই। সমগ্র দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই দখলদার সরকার, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেÑ মানুষকে শান্তি, নিরাপত্তা দিতে এবং জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।