নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

নরসিংদীর বেলাবোর বারৈচায় কার্ভাডভ্যানের চাপায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে।

নিহত রাব্বি (১৩) বেলাবো হোসেন নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে হোসেন আলী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত রাব্বি সাইকেল নিয়ে বাড়ি থেকে তার বাবার দোকানে যাচ্ছিল। ওই সময় মহাসড়ক পারের সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। পরে আশপাশে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্কুলছাত্রকে চাপা দিয়ে কাভার্ডভ্যান পালানোর সময় ভ্যানসহ চালক শহিদ মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।