রাজধানীর প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় চালকসহ যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনলে মালিক-শ্রমিকপক্ষের কারও আপত্তি থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। পাশাপাশি দুর্ঘটনার জন্য চালক একা দায়ী নন বলেও মন্তব্য করেছেন তিনি। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রধান সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ নেওয়ায় নানা সময়ে সমালোচিত হয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বৈঠকে বসেন শাজাহান খানসহ কমিটির অন্য সদস্যরা।
বৈঠক শেষে শাজাহান বলেন, ‘নানা কারণে দুর্ঘটনা ঘটে। আমরা যদি বলি শুধু ড্রাইভার একা দায়ী, তা না। এখানে যে কারণগুলো আছে সেগুলো দেখতে হবে।’ তিনি বলেন, ‘যে ছাত্রটা মারা গেল এটা খুবই দুঃখজনক। আমার নিজেরও সন্তান আছে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এই দুর্ঘটনা তদন্ত করে যে দায়ী হবে, আইন অনুযায়ীই ব্যবস্থা হবে। এটা নিয়ে মালিক-শ্রমিক কারও কোনো আপত্তি নেই, কেউ প্রতিবাদ করবে না। এ ব্যাপারে আমরা আগেও বলেছি, এখনো বলছি।’
সড়কে দুর্ঘটনা হ্রাস ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠিত কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘কমিটি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের আশু করণীয় কিছু আছে কি নাÑ সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’ তিনি জানান, কমিটি কিছু সুপারিশ করেছে, আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী ৪ এপ্রিলের মধ্যেই এসব সুপারিশ জমা দেওয়া হবে।