এমপিওভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। দাবির ব্যাপারে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সচিবালয় থেকে হাইকোর্ট মোড়ের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকায় অবস্থান নেন বিভিন্ন নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। টানা ৬ ঘণ্টার অবস্থানে সচিবালয় ও পল্টন এলাকায় তীব্র যানজট দেখা দেয়। গত বুধবার সকালে এ কর্মসূচি শুরু করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। আন্দোলনরত শিক্ষকরা জানান, গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশি বাধায় সেখানেই থেমে যান। তখন রাস্তায় বসে পড়েন শিক্ষক-কর্মচারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রাবাড়ী, মতিঝিল, সদরঘাট ও গুলিস্তান থেকে আসা শাহবাগমুখী গাড়িগুলো জিরো পয়েন্ট হয়ে সচিবালয়ের রাস্তা দিয়ে চলাচল করে। পুলিশ রাস্তা ছেড়ে দিতে বললেও অনড় ছিলেন আন্দোলনকারীরা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করতে চাইলে আটকে দেওয়া হয়। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, তাকে আমাদের কথা জানাতে চাই। তার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব আশ্বাস দিয়ে বলেছিলেন, শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা ঘরে ফিরে যাই। কিন্তু দাবি এখনো বাস্তবায়ন হয়নি। আমাদের ধারণা প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানোই হয়নি। আমরা সাক্ষাতের মাধ্যমে তাকে বিষয়টি অবহিত করতে চাই।’