লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর এলাকার একটি বাস কাউন্টারে দুদিন আটকে রেখে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।
পুলিশ জানায়, তিন দিন আগে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শেরপুরের নকলা উপজেলা থেকে বুড়িমারী স্থলবন্দরে আসেন ওই নারী। এরপর কাগজপত্র তৈরি করে দেওয়ার কথা বলে যশোদা বাস কাউন্টারের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়। পরে রাতে তাকে পালাক্রমে ধর্ষণ করে রেজাউল ইসলামসহ আরও দুজন। এভাবে টানা দুদিন গণধর্ষণের শিকার ওই নারীকে গতকাল সকালে উদ্ধার করা হয়। পরে রেজাউল ইসলামকে আটক করা হয়।
পাটগ্রাম থানার ওসি মো. মনছুর আলী বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।’
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হুদা রাসেল মোবাইল ফোনে জানান, ‘রেজাউলকে আটকের বিষয়টি আমি শুনেছি। যদি সে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’