সেলফি ক্যামেরার ধারণা বদলে দিচ্ছে জেডটিই

চীনা প্রতিষ্ঠান জেডটিই তাদের নতুন স্মার্টফোনে প্রচলিত সেলফি ক্যামেরার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে। দাবি করা হচ্ছে, এমনটি অন্য কোনো প্রতিষ্ঠান আগে দেখাতে পারেনি। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, ফোনের মূল শরীর থেকে আলাদা থাকছে সেলফি ক্যামেরা। এর নকশায় রয়েছে নতুনত্ব। অ্যাপলের আইফোন এক্স ও অন্য অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে জনপ্রিয় হওয়া ওপরের দিকে খাঁজ (নচ) এতে থাকছে না। এর মাধ্যমে স্যামসাংয়ের ব্যবহৃত হোল-পাঞ্চ নকশাও এড়ানো গেছে। তবে নতুন এই নকশাকে কী নাম দেওয়া হবে জানা যায়নি।

মূল শরীর থেকে সেলফি ক্যামেরা বাইরে থাকার অনেক সুবিধা আছে। যেমন : বড় ব্যাটারির জন্য বেশি স্থান পাওয়া যায় এবং ওপরের খাঁজ না থাকার কারণে ফুল স্ক্রিন ডিসেপ্লেতে সমস্যা হয় না।

এই সুবিধা থাকছে অ্যাক্সন ভি স্মার্টফোনে। যদি নকশায় এমন পরিবর্তন আসে, তবে বলতে হয় দারুণ কিছু হতে যাচ্ছেÑ এমন রিভিউ গ্যাজেটপ্রেমীদের।

অবশ্য এখনো পর্যন্ত জেডটিইর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অভিনব নকশার খবরটি প্রকাশ হয়েছে আইএফ ডিজাইন ওয়ার্ল্ড গাইডের ওয়েবসাইটে। সংস্থাটি নকশার জন্য পুরস্কার দিয়ে থাকে। কিন্তু এটা স্পষ্ট নয়, জেডটিই এই পুরস্কার পেয়েছে কি না। এ নিয়ে আইএফ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া অ্যাক্সন ফাইভ নামের আরেকটি স্মার্টফোন নকশা করছে জেডটিই। এতেও খাঁজ এড়াতে সেলফি ও প্রধান ক্যামেরা রাখা হয়ে অনুভূমিকভাবে। সেই খবরও পাওয়া গেছে আইএফ ডিজাইন ওয়ার্ল্ড গাইড ওয়েবসাইটে।