বিয়ের পরে সাধারণত সংসার জীবন নিয়েই ব্যস্ত থাকেন নারীরা। সংসার সামলাতে গিয়ে চাপা পড়ে যায় তাদের প্রতিভা বা শখগুলো। অনেক নারী আছেন যাদের গানের কণ্ঠ সুমধুর, ইচ্ছে ছিল শিল্পী হওয়ার। কিন্তু বিয়ের পর সংসার আগলে রাখতে গিয়ে স্বপ্নটা ধূসর হয়ে গেছে। তাদের জন্যই ব্যতিক্রমী এক আয়োজন করেছে সিলন চা। ‘সিলন সুপার সিঙ্গার’ শিরোনামের এই গানের প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও অভিনেত্রী তারিন। ফাহমিদা নবী বলেন, ‘বিবাহিত নারীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। যারা ভালো গান করেন বা গানের প্রতি যাদের প্রচ- নেশা, আমি তাদের বলবÑ এই প্রতিযোগিতায় অংশ নিতে। হয়তো এই মাধ্যমের সুবাদে সে পৌঁছাতে পারবে তার স্বপ্নের ঠিকানায়।’ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০ থেকে ৫০ বছর বয়সী বিবাহিত নারীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এরই মধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। বিজয়ীয় পাবেন ২০ লাখ টাকা। আর প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ পাবেন ১০ লাখ ও ৫ লাখ টাকা। এই প্রতিযোগিতায় পেশাদার সংগীত শিল্পীরা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন না। ‘সিলন সুপার সিঙ্গার’ প্রচার হবে এনটিভিতে।