অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা আটক

ঘোষণা ছাড়া রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্র নিয়ে প্রবেশের সময় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে সিভিল এভিয়েশন স্ক্যানিং অপারেটর। গতকাল শুক্রবার সন্ধ্যায় আটক ওই ব্যক্তির নাম মুজিবুর রহমান। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। তাকে একটি বৈধ পিস্তল ও ৩২টি গুলিসহ আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরে দায়িত্ব পালনকারী আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, আটক ব্যক্তির সঙ্গে আগ্নেয়াস্ত্র ও গুলি থাকা সত্ত্বেও আগে থেকে তিনি এসব সরঞ্জামের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তাই তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি নূরে আযম দেশ রূপান্তরকে বলেন, ‘আটক হওয়ার তথ্য পেয়েছি। কিন্তু আসামি পাইনি।’ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তারিক বলেন, আটক ব্যক্তি সন্ধ্যা ৭টায় ছেড়ে যাওয়া নভো এয়ার ফ্লাইটের যাত্রী ছিলেন।