ফিঞ্চ-মার্শে ব্যর্থ হারিস সোহেলের সেঞ্চুরি

হারিস সোহেলের দাপুটে শতকে জয় পাওয়ার মতো সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। কিন্তু অ্যারন ফিঞ্চ ও শন মার্শের অনবদ্য এক জুটিতে হিসাব পাল্টে দিল অস্ট্রেলিয়া। রোমাঞ্চকর এক জয়ে সংযুক্ত আরব আমিরাতে সিরিজের প্রথম ওয়ানডেটি নিজেদের করে নিয়েছে তারা।

শারজায় শুক্রবার রাতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ফিঞ্চের সেঞ্চুরি ও মার্শের অসাধারণ এক ইনিংসে নির্ধারিত ওভারের ছয় বল বাকি থাকতেই জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে গেল দলটি।

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৮০ রানের সংগ্রহ পায় পাকিস্তানে। অসাধারণ ব্যাট চালিয়েছেন তিন নম্বরে ব্যাট করতে নামা হারিস। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। ১১৫ বলে খেলা তার ১০১ রানের ইনিংসটি রয়েছে ছয় চার ও এক ছক্কা।

রান পেয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা উমর আকমল। দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন। ৫০ বলে খেলা তার ৪৮ রানের ইনিংসটিতে রয়েছে তিনটি ছক্কার মার। অন্যদের মধ্যে শান মাসুদ ৪০, ফাহিম আশরাফ ২৮ ও ইমাদ ওয়াসিম অপরাজিত ২৮ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নেন নাথান কুর্টলার-নাইল। একটি করে উইকেট নেন ঝাই রিচার্ডসন, নাথান লায়ন ও গ্লেন ম্যাক্সওয়েল।

২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন উসমান খাওয়াজা ও ফিঞ্চ। দলীয় ৬৩ রানে খাওয়াজাকে উইকেট ছাড়া করে ফাহিম আশরাফ এই জুটিতে ফাটল ধরালেও খেই হারায়নি অজি দল।

দ্বিতীয় উইকেট জুটিতে ১৭২ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান ফিঞ্চ ও মার্শ। ২৩৫ রানে মোহাম্মাদ আব্বাসের বলে কট-বিহাইন্ড হওয়ার আগে তিন অঙ্কের দেখা পেয়ে যান অধিনায়ক ফিঞ্চ। ১৩৫ বলে খেলা তার ১১৬ রানের ইনিংসটি আট চার ও চার ছক্কায় সাজানো।

তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্শ ও পিটার হ্যান্ডসকম। ১০২ বলে চার চার ও দুই ছক্কায় ৯১ রানে অপরাজিত থাকেন মার্শ। ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন হ্যান্ডসকম।

১১৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন অস্ট্রেলিয়ার ফিঞ্চ।

সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।