সড়কে আরো ১ ছাত্রের মৃত্যু, বিক্ষোভ: ফুটওভার ব্রিজের আশ্বাস

নরসিংদীর বারৈচায় কাভার্ডভ্যান চাপায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার  সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে।

এ সময় সড়ক দুর্ঘটনা রোধে বারৈচা বাসস্ট্যান্ডে স্পিড ব্রেকার, গোলচত্বর ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বারৈচা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত রাব্বি (১৩) হোসেন নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও বেলাবো হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাব্বি সাইকেল নিয়ে বাড়ি থেকে তার বাবার দোকানে যাচ্ছিল। মহাসড়ক পার হওয়ার সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে তার সহপাঠী ও আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে।

খবর পেয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চালায়। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরবে না বলে জানায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শারমিন শিক্ষার্থীদের দাবি মেনে নেন। দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত বাসের নিচে চাপা পড়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ চৌধুরী।
এ দুর্ঘটনার পর নিরাপদ সড়কের জন্য ৮ দফা দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করে তারা।

আন্দোলনের মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশন আবরারের নামে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করে।