ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় অন্তর (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
দুপুর আড়াইটার দিকে বনফুল পরিবহনের একটি বাস স্কুলছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত অন্তর মেদেনীমন্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে মেদেনীমন্ডল গ্রামের রাজা মিয়ার ছেলে।
স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও মেদেনীমন্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, বনফুল পরিবহনের একটি যাত্রীবোঝাই বাস মাওয়া থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে মেদেনীমন্ডল এলাকায় বাসটি উল্টো পথ দিয়ে চালিয়ে যাওয়ার সময় স্কুলছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুলছাত্র। পরে স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক বাসটি আটক করে।