চুলের ছাঁটে দেশের পতাকা

 হালের ফ্যাশনে ফুটবলারাও এখন ট্রেন্ড। তাদের বিভিন্ন স্টাইল অনুকরণ করে কোটি-কোটি ভক্ত। ফ্যাশনের একটি আবশ্যিক অংশ চুলের ছাঁট। আর সেই ছাঁটে পল পগবাই হয়তো সবচেয়ে এগিয়ে থাকবেন। কম যান না আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরে-এমরিক অবামেয়াংও। পগবার মতো তারও চুলের ছাঁট নিয়মিত বদলের অভ্যাস। এই যেমন দেশের পতাকার রঙে দিলেন নতুন ছাঁট। গ্যাবনের জাতীয় পতাকা সবুজ, হলুদ ও নীল রঙের। অবামেয়াং তিন রঙের তিনটি তারকার ছাঁট দিয়েছেন মাথার বামদিকে। ছবিটি ইন্সটাগ্রামে পোস্টও করেছেন তিনি। দেশের হয়ে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্ব খেলতে এখন আফ্রিকায় অবামেয়াং। শনিবার বাছাইপর্বের সি গ্রুপের লড়াইয়ে বুরুন্ডির সঙ্গে ম্যাচ তার দলের। চার দলের তালিকায় তৃতীয় গ্যাবন। বুরুন্ডির সঙ্গে ম্যাচটি তাদের বাঁচামরার লড়াই। বাছাইপর্বের শেষ ম্যাচটি জিতলেই কেবল মিসরে ২০১৯ আসরের টিকিট নিশ্চিত হবে গ্যাবনের। আর ড্র করলেই মূল পর্বে উঠে যাবে বুরুন্ডি। মাথায় দেশের পতাকার ছাঁট নিয়ে দেশকে ২০১৯ আফ্রিকান নেশন্স কাপে তুলেছেন কি না তা ঠিক হয়ে গেছে গত রাতের ম্যাচে।