এনবিআরের প্রজ্ঞাপন দেশি মোটরসাইকেলে শুল্ক অব্যাহতি

সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় (সিকেডি) মোটরসাইকেলের ফোর স্ট্রোক ইঞ্জিন আমদানিতে সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশে মোটরসাইকেল উৎপাদন ও সংযোজন শিল্প বিকাশে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

দেশে মোটরসাইকেল শিল্পের বিকাশে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে গত ১৮ মার্চ এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো।

প্রজ্ঞাপনে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বলতে বোঝানো হয়েছে, মূল্য সংযোজন কর নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা স্থানীয়ভাবে সংগৃহীত বা আমদানি করা কাঁচামাল দিয়ে মোটরসাইকেলের সব পার্টস নিজে প্রস্তুত করে বা চেসিস ও এক বা একাধিক গুরুত্বপূর্ণ পার্টস ও চেসিসের ক্ষুদ্র অংশ বা অংশবিশেষ আমদানি করে চেসিস তৈরি করে এক বা একাধিক গুরুত্বপূর্ণ পার্টস নিজে প্রস্তুত করে এবং বাকি পার্টস স্থানীয় ভেন্ডর থেকে সংগ্রহ বা আমদানি করে মোটরসাইকেল সংযোজন বা উৎপাদন করে।