বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেক দফা কমেছে পেঁয়াজের দাম। কেজিতে কমেছে প্রকারভেদে তিন টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ রকমভেদে ১০-১৫ টাকায় বিক্রি হলেও এখন তা নেমেছে ৭-১৩ টাকায়। এ হিসাবে পণ্যটির দাম কমেছে কেজিতে তিন টাকা। আমদানি বাড়ায় হিলিতে পুরনো নাসিক পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩, ইন্দোর পেঁয়াজ ১১-১২ এবং নতুন সুখসাগর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে সাত-আট টাকায়। এক সপ্তাহ আগে আমদানি পেঁয়াজ তিন টাকা বেশি দামে বিক্রি হয়েছিল।
বাংলা হিলি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারে। বর্তমানে খুচরায় আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে রকমভেদে ১৪-১৫ টাকা কেজিদরে। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮-২০ টাকায়। এক সপ্তাহ আগে এসব পেঁয়াজ পাঁচ-সাত টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।