দুমকিতে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলের দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। এ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার। তাকে চ্যালেঞ্জ করে দোয়াত কলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান সিকদার এবং আনারস প্রতীকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিজান। এ ছাড়া চেয়ারম্যান পদে এনপিপির দেলোয়ার হোসেন হাওলাদার আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা নেমে পড়েছেন ভোটের মাঠে। ক্ষমতাসীন দলের তিন প্রার্থীই প্রতিপক্ষের ভোট ব্যাংকে হানা দিয়ে ভোট আদায় করতে নানান কৌশলে এগুচ্ছেন। তবে এনপিপির দেলোয়ার হোসেন হাওলাদার প্রার্থী হলেও প্রচারণার মাঠে নেই। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দুমকি উপজেলায় ভোটগ্রহণ করা হবে ৩১ মার্চ। উপজেলায় মোট ভোটার ৫৮ হাজার ২৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ২৫৯ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩৮ জন।