আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আন্দোলন করে নয়, শুধু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব।’ গতকাল রবিবার দুপুরে রাজশাহী আদালতে অ্যাডভোকেটদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, যা বিএনপি কখনই পারেনি। আর এখন দেশে প্রতিহিংসার রাজনীতি হয় না। রাজশাহীতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের প্রয়োজন থাকলে তা অবশ্যই স্থাপন করা হবে।’
এর আগে আইনমন্ত্রী রাজশাহীর আদালত চত্বরে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি অ্যাডভোকেটদের দাবির পরিপ্রেক্ষিতে বার ভবনে লাইব্রেরি স্থাপনের জন্য আগামী সাত দিনের মধ্যে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আইনমন্ত্রীর সঙ্গে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।