রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুদর্শন চাকমার প্রধান নির্বাচনী এজেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন (৫৫) নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে বাঘাইছড়ি থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
দেশ রূপান্তরকে তিনি বলেন, গত ১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গিয়াস উদ্দীন নৌকার প্রার্থী সুদর্শন চাকমার প্রধান এজেন্ট ছিলেন। এরপর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল সকাল ৯টা ৪০ মিনিটেও একটি অপরিচিত নম্বর (০১৮৬৭১৩৫৪৩১) থেকে কল করে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে তিনি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দীন বলেন, ‘যারা উপজেলা নির্বাচনে হেরে গেছে, তাদের পক্ষের কোনো ব্যক্তি আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমাকে হুমকি দেওয়া মোবাইল নাম্বারটি অচেনা। তাই আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’
গত ১৮ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তিন কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে উপজেলার নয়মাইল এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলা সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। ঘটনার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন এই নির্বাচনে জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী সুদর্শন চাকমা।