সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার

মোংলার সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া জবাই করা হরিণের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার এম. হামিদুল ইসলাম জানান, পূর্ব সুন্দরবন বিভাগের চাদপাই রেঞ্জের ও মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার বনের অভ্যন্তরে একদল চোরা হরিণ শিকারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা জবাইকৃত হরিণ ফেলে রেখে বনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৭ কেজি হরিণের মাংস, ২টি হরিণের মাথা ও ২টি চামড়া উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাংস, মাথা ও চামড়া সোমবার বন বিভাগের নন্দাবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ (মোংলা) কর্মকর্তা মো. শাহিন কবির বলেন, হরিণ শিকারের ঘটনায় বন আইনে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এখন ওই সকল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।