বাংলাদেশে মেশিনারিজ ও শিল্প-কারখানায় বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিসিআই)। চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর এ আহ্বান জানান।
ঢাকা চেম্বার কার্যালয়ে আয়োজিত বৈঠকে তাসীর আরও বলেন, ইউনান প্রদেশ মেশিনারিজ উৎপাদনে অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছে। এ খাতের উদ্যোক্তারা বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগ ও শিল্প-কারখানা স্থাপন করে লাভবান হতে পারেন।
চীনা প্রতিনিধিদলের প্রধান ইউয়ান লিন বলেন, ইউনান প্রদেশে মেশিনারিজ উৎপাদনে চীনের অন্যান্য প্রদেশের মধ্যে চতুর্থ এবং চীনের উদ্যোক্তারা বাংলাদেশে এ খাতে বিনিয়োগ ও কারখানা স্থাপনে আগ্রহী।
বৈঠকে ডিসিসিআই সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক আলহাজ দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, হোসেন এ সিকদার, মো. আল আমিন, মোহাম্মদ বাশীর উদ্দিন, শামস মাহমুদ ও এস এম জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।