স্কুলছাত্রী, শিশুসহ সড়কে ৬ জনের প্রাণহানি

সড়কে প্রতিদিনই লাশ হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রসহ বিভিন্ন বয়সের মানুষ। কোনো আন্দোলন ও আইন থামাতে পারছে না মৃত্যুর এ মিছিল। গতকাল সোমবারও রাজধানীর শেওড়াপাড়ায় তেঁতুলিয়া পরিবহনের একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ, চট্টগ্রামে বাস থেকে পড়ে চালকের সহকারী, নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে বেড়ানো শেষে ফেরার পথে তরুণী, লক্ষ্মীপুরে অটোরিকশার চাপায় শিশু, চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্রী ও ফেনীতে লরিচাপায় আরেক শিশু নিহত হয়। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

মিরপুর থানার এসআই মেহেদী হাসান মওসুম জানান, শেওড়াপাড়ায় দ্রুতগতির তেঁতুলিয়া পরিবহনের একটি বাসচাপায় নূরুল ইসলাম শান্ত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় একজন মোটর মেকানিক ছিলেন। তার বাসা বড় মগবাজার এলাকায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা বাসচালককে আটক করে পুলিশে দিয়েছে। প্রায় দেড় বছর আগে একই সড়কে কাছাকাছি এলাকায় একই পরিবহনের বাসচাপায় তাসনিম আলম তিশা (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়–য়া জানান, নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় গতকাল সকালে বাস থেকে পড়ে শাকিব (১৮) নামে এক যুবক নিহত হন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা ও দুই নম্বর রুটের সিটি বাসের চালকের সহকারী ছিলেন। এদিন নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে বেড়ানো শেষে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে জারিন জাহারা (২০) নামে এক তরুণী নিহত হন। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহীবাদ এলাকার আবুল কাশেমের মেয়ে। এদিকে লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, গতকাল দুপুরে পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ঝর্ণা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে টুমচর এলাকার স্বপন মিয়ার মেয়ে।

চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি শেখ গণি জানান, বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুঁই (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা-যশোর সড়কের মনোহরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুঁই স্থানীয় মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসে। এ সময় তারা সড়কে ব্যারিকেড দিয়ে চুয়াডাঙ্গা-যশোর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর মাদ্রাসা সড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় লরিচাপায় সুমাইয়া আক্তার (৬) নামে এ শিশু নিহত হয়েছে। সে সদর উপজেলার প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে।