চোট নিয়ে হতাশ নন রোনালদো

সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের খেলতে নেমে প্রথমার্ধেই ডান পায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এই চোট নিয়ে হতাশ নন পর্তুগাল অধিনায়ক। দ্রুতই মাঠে ফিরবেন বলে জানালেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

সোমবার নিজেদের মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। ৩১তম মিনিটে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেলে হালকা চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন রোনালদো।

চোট ফুটবলেরই অংশ বলেই মনে করেন রোনালদো। তাই ব্যাপারটি নিয়ে হতাশ নন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

“আমি হতাশ নই। আমি আমার শরীরটাকে জানি। ফুটবলে এমনটা ঘটে...আমি ভালো আছি। কারণ আমি জানি, এক-দুই সপ্তাহের মধ্যেই আমি ফিরে আসব।”

রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে এটা ছিল রোনালদোর দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে পুরোটা সময় খেললেও গোলের দেখা পাননি ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।

সেরি আয় আগামী শনিবার এমপোলির মুখোমুখি হবে ইউভেন্তুস। চোটের কারণে ম্যাচটিতে পারবেন না রোনালদো। ১০ এপ্রিল আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ নিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।