সী পার্ল বিচ রিসোর্টের আইপিও আবেদনের তারিখ ঘোষণা

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া থাকা পাঁচতারকা হোটেল সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ এপ্রিল থেকে আইপিওতে এ কোম্পানির শেয়ার বরাদ্দে আবেদন নেওয়া শুরু হবে। চলবে ৬ মে পর্যন্ত। গত সোমবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে সম্মতিপত্র দিয়েছে।

কক্সবাজারে অবস্থিত পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হচ্ছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত ১৯ ফেব্রুয়ারি এ প্রতিষ্ঠানটিকে আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দেয় বিএসইসি। নতুন করে অভিহিত মূল্যে মাত্র দেড় কোটি শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা কোম্পানিটির ইন্টেরিয়র, ফিনিশিং অ্যান্ড আসবাবপত্র ক্রয়, জমি ক্রয় ও আইপিও খরচ বাবদ মূলত ব্যয় হবে।

সী পার্ল বিচ রিসোর্টের গত তিন বছরের আর্থিত প্রতিবেদন অনুসারে ভারিত গড় শেয়ারপ্রতি আয় ৪১ পয়সা। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১০ টাকা ৪৮ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।