বিয়েতে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখম

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবে নার্স অঞ্জনা রানী শীলকে (২৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে মহেন্দ্র বিশ্বাস (৩৭) নামে এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার দুপুরে কমলপুর এলাকার মাতৃকা জেনারেল হাসপাতালের (প্রা.) সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, অঞ্জনা নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর গ্রামের নারায়ণ চন্দ্র শীলের মেয়ে। তিনি গত তিন বছর ধরে মাতৃকা জেনারেল হাসপাতালে কর্মরত। অঞ্জনার সঙ্গে মহেন্দ্রর স্ত্রীর ধর্মবোনের সম্পর্ক। প্রায়ই তাদের বাসায় যেতেন তিনি। কয়েক মাস আগে মহেন্দ্র বিয়ের প্রস্তাব দিলে অসম্মতি জানান অঞ্জনা। এরপর ওই বাসায় যাতায়াতসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন

তিনি। গতকাল দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে দা দিয়ে কোপ দেওয়ার পর অঞ্জনা মাটিতে পড়ে যান। পরে মাতৃকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান দেশ রূপান্তরকে জানান, নার্স অঞ্জনাকে কুপিয়ে আহতের পর দৌড়ে পালানোর সময় মহেন্দ্রকে ধরে পুলিশে সোপর্দ করে জনতা। তিনি হবিগঞ্জের ছাতক উপজেলার ছৈইলা গ্রামের মৃত মুকেন্দ্র বিশ্বাসের ছেলে। মহেন্দ্র ভৈরবের পঞ্চবটি এলাকায় ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করেন। 

তিনি আরও জানান, মহেন্দ্রের বিরুদ্ধে বিকেলে মামলা করেছেন অঞ্জনার ভাই সুমন শীল। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।