বগুড়ায় স্ত্রী পেটানোর মামলায় কারাবন্দি আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের জামিন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে হিরো আলমের বিরুদ্ধে মামলা চালাতে অপারগতা প্রকাশ করায় তার স্ত্রী ও শ্বশুরকে ভর্ৎসনা করা হয়েছে। গত সোমবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এসব ব্যবস্থা নেন।
হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম আসামিপক্ষের সঙ্গে মীমাংসা করে মামলা চালাবেন না মর্মে এফিডেভিট আদালতে দাখিল করেন। বাদীর এই আপসনামার ভিত্তিতে গত সোমবার হিরো আলমের জামিন আবেদন করা হয়। জামিন আবেদনের শুনানিকালে মামলার বাদী হিরো আলমের শ্বশুর, তার স্ত্রী সুমি বেগম ও হিরো আলমের দুই সন্তান আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, জামিন আবেদন শুনানিকালে বিচারক মামলার বাদী হিরো আলমের শ্বশুর এবং স্ত্রীর বক্তব্য শুনে দুজনকেই ভর্ৎসনা করেন। হিরো আলম দ্বিতীয় বিয়ে করার কারণে স্ত্রীকে মারধর করেন, এমন বক্তব্যের পক্ষে মামলার বাদীর কোনো প্রমাণ দেখাতে না পারা এবং মামলার পর তা আপসরফা করায় আদালত দুজনকেই ভর্ৎসনা করেন। পরে হিরো আলমের জামিন নামঞ্জুর করে আগামী ১৮ এপ্রিল জামিন আবেদন শুনানির দিন ধার্য করেন। ওই দিন হিরো আলমকে আদালতে হাজির করার পাশাপাশি তার স্ত্রী সুমি বেগম ও শ্বশুর সাইফুল ইসলামকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়।
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে হিরো আলমের শ্বশুর গত ৬ মার্চ বগুড়া সদর থানায় জামাতার বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই পুলিশ হিরো আলমকে গ্রেপ্তার করে পরের দিন আদালতে হাজির করে। আদালত জামিন নামঞ্জুর করে হিরো আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গত ৭ মার্চ থেকে হিরো আলম কারাগারে রয়েছেন।