গেল ২৫ মার্চ নিজেদের ইতিহাসে বিরল এক ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। বার্ষিক ইভেন্টে প্রতিষ্ঠানটি সাধারণত হার্ডওয়্যার সংক্রান্ত ঘোষণা দিয়ে থাকে। কিন্তু এ বছর সবাইকে অবাক করে প্রতিষ্ঠানটির সিইও টিম কুক নতুন কয়েকটি সেবার কথা জানান। তার মধ্যে রয়েছে অ্যাপল নিউজ+, অ্যাপল টিভি+, অ্যাপল কার্ড এবং অ্যাপল গেমস+।
অ্যাপল নিউজ+: অ্যাপলের নিউজ সার্ভিস আগে থেকেই বেশ জনপ্রিয়। এই সেবাটিকে আরও বড় পরিসরে আনছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে চায় তারা।
বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট পপুলার সায়েন্স জানিয়েছে, নিউজ+’এ ৩০০টির বেশি ম্যাগাজিন পড়া যাবে। এর মধ্যে বিখ্যাত সব আন্তর্জাতিক সংবাদমাধ্যমও থাকবে। অ্যাপলের নিউজ অ্যাপের তুলনায় নিউজ+’এ লেআউটের ডিজাইন উন্নত হবে। থাকবে অ্যানিমেটেড কভার এবং প্রাণবন্ত ছবি। এসব সুবিধা পাওয়া যাবে আইফোন, আইপ্যাড এবং ম্যাকে।
যেভাবে ব্যবহার করা যাবে: অ্যাপল জানিয়েছে, এই সেবাটি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার অ্যাপল নিউজ ইউজাররা পাবেন। এসব দেশে আইফোন, আইপ্যাড এবং ম্যাকের অ্যাপ থেকে টপ স্টোরিজ, ট্রেন্ডিং স্টোরিজ এবং আর্টিকেলের ব্যক্তিগত ফিডে ফ্রি প্রবেশ করা যাবে।
বাড়তি সুবিধার জন্য যুক্তরাষ্ট্র থেকে একজন ব্যবহারকারীকে মাসে ৯.৯৯ ডলার বা ৮৪২ টাকা খরচ করতে হবে। পরিবারের সবার সঙ্গে অ্যাপটি শেয়ার করা যাবে। প্রথম মাসে কোনো চার্জ কাটা হবে না।
নিউজ পড়ার সময় ব্যবহারকারীকে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। বিজ্ঞাপনদাতাদের জন্য ব্যবহারকারীর কোনো তথ্যও সংরক্ষণ করা হবে না।
সাইনআপের চারটি ধাপ:
১. অ্যাপল নিউজ অ্যাপ ওপেন করুন।
২. স্ক্রিনের নিচে ‘News+’ ট্যাবে স্পর্শ করুন।
৩. ‘Get Started’ এ স্পর্শ করুন।
৪. ‘Try It Free’ অপশনটি বেছে নিন। এটি এক মাস চলবে। পরে প্রতি মাসে ৮৪২ টাকা করে দিতে হবে।
অ্যাপল টিভি+: এই সেবাটি অ্যাপলের বহুল চর্চিত বিষয়। ভিডিও সার্ভিসের কথা প্রতিষ্ঠানটি অনেক আগে থেকে বলে আসছে। এবার তারা জানিয়েছে, অ্যাপলের টিভি অ্যাপে নিজস্ব অনুষ্ঠান প্রচার করা হবে। কয়েক মাস ধরে জানা গেছে, অনুষ্ঠান নির্মাণের জন্য অ্যাপল ইতিমধ্যে জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের সঙ্গে চুক্তি করেছে। তালিকায় আছে স্টিভেন স্পিলবার্গ, জেনিফার অ্যানিস্টন, রিস উইথারস্পন, জে.জে আবরামস, জ্যাসন মোমোয়ার মতো বিখ্যাত ব্যক্তির নামও।
২০১৯ সালের শেষ দিকে এই সেবাটি চালু হবে। অনুষ্ঠান দেখতে কত খরচ হবে, সেটি তখন জানানো হবে।
যেভাবে পাওয়া যাবে: এই সেবাটি iOS ডিভাইস, অ্যাপল টিভি এবং ম্যাকে পাওয়া যাবে। থার্ড পার্টির মধ্যে সনি, এলজি, স্যামসাং এবং ভিজিওর স্মার্ট টিভিতে পাওয়া যাবে।
অ্যাপল কার্ড: অ্যাপলের নতুন এই ক্রেডিট কার্ড আইফোন ব্যবহারকারীদের জন্য। ডিজিটাল কার্ডের পাশাপাশি ফিজিক্যাল কার্ডও পাওয়া যাবে। কয়েক মিনিটের মধ্যে সাইনআপ করে বিশ্বজুড়ে এটি ব্যবহার করা যাবে। এ জন্য প্রতিষ্ঠানটি চুক্তি করেছে মার্কিন ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এবং মাস্টারকার্ডের সঙ্গে।
ব্যবহারের পর অ্যাপল কার্ড ব্যবহারকারীকে সর্বশেষ লেনদেনের তথ্য জানাবে। ওয়ালেট অ্যাপ থেকে জানা যাবে ব্যালেন্স। কাস্টমার কেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সেবার ব্যবস্থাও রাখছে।
ডেইলি ক্যাশ হিসেবে ব্যবহারের পর কয়েক শতাংশ অর্থ নিজের অ্যাকাউন্টে ফেরত পাওয়া যাবে। সরাসরি অ্যাপল কার্ড ব্যবহার করলে ডেইলি ক্যাশ হিসেবে ২ শতাংশ অর্থ ফেরত আসবে। অ্যাপল থেকে কেনাকাটা করলে ফেরত আসবে ৩ শতাংশ। যেখানে অ্যাপল পে সুবিধা আছে, সেখানেই এই অর্থ ব্যবহার করা যাবে।
অ্যাপল জানিয়েছে, তাদের কার্ড ব্যবহারের জন্য কোনো ‘ফি’ দিতে হবে না। যেখানে অ্যাপল পের সুবিধা থাকবে না, সেখানে ফিজিক্যাল কার্ড ব্যবহার করা যাবে। এই কার্ডে থাকবে না কোনো নম্বর, কোনো সিভিভি, মেয়াদের তারিখ কিংবা স্বাক্ষর। এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অ্যাপল কার্ড চালু করা হবে।
অ্যাপল গেমস+: মোবাইল এবং ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ১০০টির বেশি ‘এক্সক্লুসিভ’ গেম আনছে অ্যাপল। একে বলা হচ্ছে অ্যাপল আর্কেড সেবা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও গেমগুলো খেলা যাবে। এ জন্য আইফোন, আইপ্যাড এবং অ্যাপল টিভি লাগবে। একটি অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টাকা পরিশোধ করে পুরো পরিবার নিয়ে গেম খেলা যাবে। কত টাকা কাটা হবে, সেটি এখনো জানানো হয়নি।
অ্যাপল জানিয়েছে, গেম খেলার সময় ব্যবহারকারীর কোনো তথ্য তারা হাতিয়ে নেবে না। দেখানো হবে না কোনো বিজ্ঞাপনও।
iOS, macOS and tvOS অপারেটিং সিস্টেমে ১৫০টির বেশি দেশে ২০১৯ সালের শেষ নাগাদ অ্যাপল আর্কেড চালু হবে।