বর্তমান সময়ে বেড়ে চলেছে শিশু পর্নোগ্রাফির নেশা। এর ফলে অনেকের জীবনেই খারাপ প্রভাব পড়ছে। শিশু পর্নোগ্রাফির আসক্তি থেকেই জন্ম নিচ্ছে নানা ধরনের হিংসাত্মক প্রবৃত্তি।
আজকাল প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছে শিশু যৌন হেনস্তার নানা ঘটনা। প্রতিটি ঘটনাই নতুন এবং ভয়ানক আশংকার কথা বলে সবাই মেনে নিচ্ছেন। অনেকে এ থেকে পরিত্রাণের উপায়ও খুঁজছেন। আবার অনেকে এমন অমানবিক কাজে লিপ্ত হওয়ার উৎসাহের কথাও জানতে চাইছেন। দেখা গেছে, এসবের প্রাথমিক কারণ হচ্ছে- হাতের নাগালে সহজ শিশু পর্নোগ্রাফি।
তাই এসব বিষয় বিবেচনা করে, শিশু পর্নোগ্রাফিতে লাগাম টানতে নতুন পদক্ষেপ গ্রহণ করল গুগল, মাইক্রোসফট, ফেসবুক এবং ইয়াহুর মতো বড় টেক সংস্থাগুলি।
তারা গবেষণা করে দেখেছেন এমন কিছু শব্দ বা কিওয়ার্ড রয়েছে, যেসব কিওয়ার্ড অর্থাৎ শব্দ লিখে শিশু পর্ন ও যৌন হিংসার ছবি বা ভিডিও খুঁজে পাওয়া যায়। এখন কাজ হচ্ছে সেই সমস্ত শব্দগুলোকে ব্লক করা। ইতিমধ্যে এই কাজ শুরু করেছে সাইটগুলো।
এমন বেশ কিছু শব্দের তালিকাও তৈরি করেছে তারা। সেই তালিকার ভিত্তিতেই শব্দগুলি ব্লক করতে শুরু করেছে গুগল, ফেসবুক-সহ অন্যান্যরা।
তাদের আশা, এই শব্দগুলি ব্লক করে দিলে তা লিখে সার্চ করলে আর শিশু পর্ন খুঁজে পাওয়া যাবে না। ফলে সেসব পর্ন ভিডিও ছড়িয়ে পড়ার মাত্রা অনেকটাই কমানো সম্ভব হবে। কী কী শব্দ ব্লক করে দেওয়া হচ্ছে, সে বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। যাতে কোনোভাবে অন্য কোনও উপায়ে তা খুঁজে বের করা সম্ভব না হয়।
যে শব্দগুলি ব্লক করে দেওয়া হবে, তা দিয়ে কেউ সার্চ করলে স্ক্রিনে ভেসে উঠবে একটি সতর্ক বাণী। ইংরেজির পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার শব্দও ব্লক করা হচ্ছে।