নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন। দলীয় মনোনয়ন না পেয়ে নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়েছেন। আর নৌকার প্রার্থী মোশারফের পক্ষে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার শীর্ষ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। তবে স্থানীয় সাংসদ বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের একাংশ কালামকে সমর্থন দিচ্ছেন। ফলে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জয়-পরাজয় নিয়ে জটিল সমীকরণ তৈরি হয়েছে।
বিগত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে মোশারফ হোসেন অংশ নিয়ে প্রথমবার জয়ী হলেও দ্বিতীয়বার পরাজিত হন। আর মাহফুজুর রহমান কালাম দুটিতেই পরাজিত হন।
উভয়ের কর্মী-সমর্থকরা জানান, বিএনপি অংশ না নেওয়ায় এবারের উপজেলা নির্বাচন মোশারফ ও কালামের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাই কেউ কাউকে ছাড় দিতে চাইছেন না। নির্বাচনকে কেন্দ্র কেরে এরই মধ্যে দুপক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয় উভয়পক্ষের লোকজন। পাল্টাপাল্টি মামলাও করেছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে আগামী ৩১ মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। ফলে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া নিয়ে আতঙ্কে রয়েছে সাধারণ ভোটার। তবে শঙ্কা কাটিয়ে ভোটারদের কীভাবে ভোটকেন্দ্রে নেওয়া যায়, সে চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নৌকার প্রার্থী মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিতে পারছেন না। এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে তারা নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে আশাবাদী তিনি।
বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কালাম বলেন, তার পক্ষে সাধারণ ভোটাররা মাঠে নেমেছেন। তাদের ভোটেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করতে চান আওয়ামী লীগের বিদ্রোহী এই নেতা।
সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিমউদ্দিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই, ভাইস চেয়ারম্যান পদে ছয় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোনারগাঁয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটের ব্যাপারে আশাবাদী তিনি। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।