প্রতিদিন ঢাকা-সিলেট-ঢাকা রুটে ইউএস-বাংলার তিনটি ফ্লাইট

যাত্রী সাধারণের দীর্ঘদিনের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ৩১ মার্চ থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন সকাল-দুপুর-সন্ধ্যায় তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সিলেটবাসীর প্রত্যাশা অনুযায়ী গত বছর ১২ সেপ্টেম্বর থেকে দুপুরের ফ্লাইটের সঙ্গে একটি সন্ধ্যাকালীন ফ্লাইট পরিচালনা শুরু করেছিল ইউএস-বাংলা।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিমান সংস্থা। ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সকাল ৭টা, দুপুর ১২:৩৫ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাবে এবং সিলেট থেকে সকাল ৮:১০ মিনিট, দুপুর ১:৪৫ মিনিট ও রাত ৮:৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। প্রথম বারের মতো বাংলাদেশে ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রী সাধারণের সুবিধার্থে সকালে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তে ট্রাভেল এজেন্টসসহ সিলেটবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, এখন থেকে ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৭৬ আসনের ড্যাশ৮-কিউ৪০০ সিরিজের এয়ারক্রাফট  দিয়ে ঢাকা-সিলেট রুটে ফ্লাইট পরিচালিত হবে।

বর্তমানে ঢাকা-সিলেট রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করে থাকে। অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।