বাংলাদেশের নিট খাতে কারখানার গ্রিন বিল্ডিং সনদের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে নিট খাতের উদ্যোক্তাদের সংগঠন (বিকেএমইএ) ও এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি গ্লোব প্রাইভেট লিমিটেড। গতকাল বুধবার বিকেএমইএ ঢাকা কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিকেএমইএর দ্বিতীয় সহ-সভাপতি ফজলে শামীম এহসান এবং এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি গ্লোবের ব্যবস্থাপনা পরিচালক এম কৃতি রতœায়েকে স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী কারখানা সবুজায়নের ক্ষেত্রে গ্রিন বিল্ডিং সনদপ্রাপ্তি, এনার্জি অডিট, এনভায়রনমেন্টাল মডেলিং প্রস্তুতের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতা অব্যাহত রাখবে বিকেএমইএ ও এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি গ্লোব। নিট খাতে সূর্যের আলো, বৃষ্টি ও ভূ-উপরিস্থ পানি এবং বিদ্যুৎ ব্যবহার ও সঞ্চয়ের মাধ্যমে পরিবেশ দূষণরোধ করে কারখানা সবুজায়নে অগ্রগামী ভূমিকা রাখা সম্ভব। পরিবেশ দূষণরোধ ও উৎপাদন খরচ কমানো এবং বিদেশি ক্রেতাদের ক্রমাগত চাহিদার কারণে দেশে অনেক কারখানা সবুজায়নের দিকে ঝুঁকছে। সেসব কারখানা বর্তমানে রপ্তানি প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।