চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেন ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করে বলেছেন, নির্বাচিত না হয়ে ক্ষমতা দখল করে সরকার মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, চলতি বছরের মধ্যে সত্যিকার অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক আবদুস সালাম হলে গণফোরামের উদ্যোগে সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে তিনি চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেন ড. কামাল

এসব কথা বলেন। সভার পর নিজে সদস্য ফরম পূরণ করে সংগঠনের সদস্যপদ নবায়নের কর্মসূচির উদ্বোধন করেন ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আমরা সরকারকে অনুরোধ জানাই দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা ৩০ ডিসেম্বরকে ভুলে যেতে চাই, এ নিয়ে বিতর্ক করতে চাই না। চাই না কোনো হিংসা, সংঘাত-হানাহানি।

তিনি বলেন, দেশে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। মিথ্যাকে সত্য বানানোর অপচেষ্টা চালাচ্ছে সরকার। ২৯ ডিসেম্বর রাতে কে ভোট দিয়েছেন? একজন হাত তোলেন। আমি কাউকে খুঁজে পাইনি। তাহলে ৩০ ডিসেম্বর যে ধন্যবাদ দেওয়া হলোÑ আপনারা আমাকে ভোট দিয়ে ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন। এই যে কাল্পনিক জিনিসের ওপরে ১৬ কোটি মানুষের দেশকে শাসন করার ক্ষমতা দাবি করাÑ এটা একটা দায়িত্বহীন কাজ।

সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম এই সদস্য বলেন, সরকার নাগরিকদের অধিকার হরণ করে ক্ষমতা দখল করে শুধু আমাদের সঙ্গে প্রতারণা করছে না, শহীদদের সঙ্গেও প্রতারণা করছে। শহীদদের সঙ্গে এভাবে প্রতারণা নজিরবিহীন। সংবিধানকে উপেক্ষা করে সরকার যে দাবি করছেÑ আমরা পেয়ে গেছি, পাঁচ বছর ক্ষমতায় থাকব এটা হতে পারে না।