চুয়াডাঙায় মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

 

চুয়াডাঙায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুকুর আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্ত শুকুর আলী শহরের বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯মে সন্ধ্যায় পৌর এলাকার বুজরুক গড়গড়ি থেকে হেরোইন বিক্রির সময় তাকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাকে তল্লাশি করে দেহের বিভিন্ন স্থান থেকে মোট ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওইদিন রাতেই ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আমীর আব্বাস বাদী চুয়াডাঙা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ করে তাকে সোপর্দ করে।

এরপর দীর্ঘ তদন্ত ও দুইজন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা নিরীক্ষা শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিল ১(খ) ধারায়  বৃহস্পতিবার দুপুরে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।