প্রেক্ষাগৃহে সেই ‘লাইভ ফ্রম ঢাকা’

তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’। অবশেষে ছবিটি আজ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটি শাখায় প্রতিদিন সকাল ১১টা ১০, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় সিনেমাটির প্রদর্শনী হবে এমনটি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক শামসুর রহমান। ছবির পরিচালক তরুণ নির্মাতা আবদুল্লাহ সাদ। নিজেকে পাল্টে ফেলার জন্য ঢাকায় আসে সাজ্জাদ। কিন্তু শেয়ার ব্যবসায় লোকসান গুনে তার সব আশা ভেঙে যায়। সমস্যা শুরু হয় সম্পর্ক নিয়েও। সন্দেহ করা শুরু করে বান্ধবী রেহানাকে। পাশাপাশি যুক্ত হয় ছোট ভাইয়ের মাদকাসক্তি। এ রকম নানা ঝামেলায় জর্জরিত হয়ে পড়ে সাজ্জাদ। অবশেষে সে এই শহর থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

২০১৫ সালে শুরু হয় ‘লাইভ ফ্রম ঢাকা’র কাজ। সিনেমাটি বানানোর পর বিশ্বের বেশ কয়েকটি নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ও পুরস্কার পায়। ছবিটি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার পায়। রটারডম, লোকার্নো, সিনেইউরোপাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। শুধু সিনেপ্লেক্সে মুক্তি প্রসঙ্গে প্রযোজক শামসুর রহমান বলেন, ‘আসলে হলগুলোর কাছে আমরা গিয়েছিলাম। তারা আগ্রহ প্রকাশ করেনি। শুধু সিনেপ্লেক্স ছবিটি চালাতে রাজি হয়েছে।’

এদিকে প্রযোজক জানিয়েছেন, ছবিটির জন্য প্রচার চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচার করা হচ্ছে। অনলাইনেও চলছে প্রচার।

সাজ্জাদ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। সাজ্জাদের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের অন্য প্রান্তের প্রধান চরিত্র রেহানা। সেই চরিত্রেও অভিনয় করেছেন তামান্না। ছবিটি প্রথম মুক্তি পায় সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসব কর্তৃপক্ষ তাদের বারবার করে বলছিল যাওয়ার জন্য। শেষ পর্যন্ত লাইভ ফ্রম ঢাকার বেশ বড় একটা দলই যায় সেখানে। ছিলেন মন্ওয়ার ও তামান্না। উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান সাদ। মন্ওয়ার জিতে নেন সেরা অভিনয়শিল্পীর পুরস্কার।

অভিনেতা মন্ওয়ার  বলেন, ‘যাওয়ার আগে আমার মনে হচ্ছিল, কোনো একটা পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছবিটার আছে। নইলে ওরা এত চাপাচাপি করছিল কেন? কিন্তু আমিও যে পুরস্কার পেয়ে যাব, এটা কখনোই ভাবিনি।’

নায়ক-নায়িকা মন্ওয়ার ও তামান্নার তারকাখ্যাতি না জুটলেও মিডিয়ার পরিচিত জগতে অবস্থানটা বদলাতে শুরু করেছে। মন্ওয়ার এর মধ্যেই আরও দুটি ছবিতে অভিনয় করেছেন। ‘ইতি তোমারই ঢাকা’ গুচ্ছ চলচ্চিত্রের কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের অংশে এবং রুবাইয়াত হোসেনের মেড ইন বাংলাদেশ-এ। অভিনয় করছেন নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ এবং ফজলে রাব্বির ‘মাথার ভেতর আপেল গাছ’-এ। বসে নেই তামান্নাও। কাজ করেছেন সৈয়দ ওয়াসি উদ্দিন আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফেরা’য়। এখন করছেন রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’তে।

কিন্তু একটা বিষয় দুজনকেই পীড়া দিচ্ছিল। যার সঙ্গেই কথা হতো, সবাই একই কথা জিজ্ঞেস করত ছবিটা বাংলাদেশে কবে মুক্তি পাবে? অবশেষে তিন বছর পরে নিজ দেশে মুক্তি পাচ্ছে ‘লাইভ ফ্রম ঢাকা’। তাই ভেতরে ভেতরে বেশ একটা উৎকণ্ঠা কাজ করছে সবার। ছবিটা এত উৎসবে গেছে, পুরস্কার পেয়েছে, শুনে শুনে সবার প্রত্যাশা বেড়ে গেছে। ভয় লাগছে, যারা দেখবেন তাদের প্রত্যাশা পূরণ হবে তো?