নিকলীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

নিকলী উপজেলা সদরে গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলে মো. কালাচান (৫৭) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের খালিশহাটি গ্রামে এ ঘটনা ঘটে। কালাচান সদর ইউনিয়নের ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।

এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা যায়, কালাচানের সঙ্গে তার ভাতিজা সৈয়দ হোসেন, আমির হোসেন, উজ্জল মিয়াদের সাথে জায়গা-জমি নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গত দুইদিন তাদের মধ্যে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছালে কালচানকে ঘর থেকে বের হতে দেয়নি তার ভাতিজারা।

নিহতের স্ত্রী আল্লাদু বেগম জানান, ভাতিজারা তাকে মেরে ফেলার ভয়ে দুইদিন ঘর থেকে বের হয়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাকড়ি সংগ্রহ করে ঘরে এসেই স্বামীকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখেন। পুলিশে খবর দিলে কালাচানের ভাতিজা সৈয়দ হোসেন, আমির হোসেন, উজ্জল মিয়া পালিয়ে যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, কালাচানের স্ত্রী আল্লাদু বেগম বাদি হয়ে বিকেলে থানায় এসে একটি হত্যা মামলা করেছেন।