নির্বাচনী সহিংসতা

গোপালগঞ্জে ৮ শত জনের বিরুদ্ধে পুলিশের মামলা

সদর উপজেলা নির্বাচনের ফল বাতিলের দাবিতে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কাজে বাধাদানের অভিযাগে অজ্ঞাত ৭/৮শ’ জনকে আসামি করে মামলা হয়েছে।  বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নিতাই সরকার এ মামলাটি করেন।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত ২৪ মার্চ সদর উপজেলায় ভোট হয়। পরদিন রাতে ফলাফল বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা হয়। এতে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭/৮শ’ জনকে আসামি করে একটি মামলা করেছে।

গত ২৪ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে শেখ লুৎফর রহমান বাচ্চু ৩৭ হাজার ৬৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বী মাহামুদ হোসেন দিপু ৩৭ হাজার ৬২০ ভোট ও এস এম শাহ আলম পান ৩৪ হাজার ৫৯৪ ভোট।