ফেনীতে সিইসি

ভোটাররা কেন্দ্রে আসবে কি না, ইসির দেখার বিষয় না

নির্বাচন কমিশন (ইসি) শতভাগ নির্বাচনের পরিবেশ তৈরির সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেÑ দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কি আসবে নাÑ সেটা কমিশনের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো ভোটের জন্য কতটুকু পরিবেশ নিশ্চিত করতে পেরেছি।’ গতকাল বৃহস্পতিবার ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চলমান পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ফেনীর ছয়টি উপজেলায় ভোট হওয়ার কথা। এর মধ্যে সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে। নির্বাচনী কর্মকর্তাদের ইভিএম-সংক্রান্ত প্রশিক্ষণ উপলক্ষে গতকাল ফেনীতে আসেন সিইসি।

মতবিনিময়কালে উপজেলা নির্বাচনে ভোটারদের কাক্সিক্ষত উপস্থিতি না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাংবাদিকদের তিনি বলেন, বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ততার অভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের ভোটারাও কেন ভোট দিতে আসছে নাÑ সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, ‘এটা তাদের রাজনৈতিক ব্যাপার, আমি তো আর আওয়ামী লীগ করি না।’ নির্বাচনে ফেনী বরাবরই আলোচিত; এ নির্বাচনেও তেমন হবে কি নাÑ সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। ভোটার উপস্থিতি বাড়াতে ভবিষ্যতে ভোটারদের জন্য কোনো প্রণোদনা রাখা হবে কি নাÑ এমন প্রশ্নে স্মিত হেসে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের কোনো পরিকল্পনা নেই।’

এ সময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।